রংপুরের দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; এ দুঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
উপজেলার দোয়ালীপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
নিহতদের মধ্যে একজন বাসচালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারাগঞ্জের দোয়ালীপাড়া এলাকায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ‘সাইমন পরিবহন’র একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘তৃপ্তি পরিবহন’র আরেকটি বাসের সংঘর্ষ হয়। ওভারটেক করতে গিয়ে এ সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ ছাড়া আহত হন আরও কয়েকজন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউডি/এ

