‘৬ মাসের মধ্যে সব সদর হাসপাতালে মিলবে আইসিইউ-ডায়ালাইসিস’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
দেশের সব জেলা সদর হাসপাতালে আগামী ছয় মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসি সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
তিনি বলেন, ‘প্রতিবছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়; যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে।’
স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, সরকার সবার জন্য স্বাস্থ্য কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। যে কার্ড স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য থাকবে বলে জানান তিনি।
মন্ত্রী জানান, এত কিছুর পরেও স্বাস্থ্য সেবা অপ্রতুল। প্রায় ৬০ হাজার বেডের বিপরীতে স্বাস্থ্য সেবা দিচ্ছে তিন লাখ কর্মী। পর্যায়ক্রমে ছয় লাখ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইউডি/এ

