প্রশিক্ষণ চলাকালে ৩ পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
রাঙামাটিতে প্রশিক্ষণের সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কাউখালী থানার ওসি পারভেজ আলী।
তিনি বলেন, ‘ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে যান স্পেশাল ফোর্সের কনস্টেবল নার্গিস। তার গুলিতে নারী কনস্টেবল মিনোয়ারা, সুমন খান ও অভি বড়ুয়া গুলিবিদ্ধ হন। মিনোয়ারা পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত।’
বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এর পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। মিনুয়ারার কাঁধে আঘাত, সুমন খান বা পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে পাশে আঘাত পান। তবে সবাই সুস্থ আছেন।’
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণের সময় এমন ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।’
ইউডি/এ

