বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩৩
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান শুরু হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘণ্টা আগেই শুরু হয়। বিকেল তিনটা পর্যন্ত চলবে এ কর্মসূচি। গণঅবস্থানে অংশ নিতে সকাল ৯ থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।
এদিকে ৬ সাংগঠনিক বিভাগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিভাগের গণঅবস্থানে নেতৃত্ব দেবেন এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ। এই তথ্য জানিয়েছে এলডিপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থান করবে গণতন্ত্রমঞ্চ।
একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টন প্রিতম টাওয়ারের সম্মুখে গণঅবস্থান কর্মসূচি পালন করবে।
অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে জোটের নেতারা।
এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরাম (একাংশ)। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করবে।
জাতীয় প্রেসক্লাবের উল্টোদিকে গণঅবস্থান কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর বিজয়নগরে অবস্থান কর্মসূচি পালন করবে সমমনা গণতান্ত্রিক জোট।
এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সমমনা গণতান্ত্রিক জোট’। ০৮ জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশে আসে এই জোট।
গণ অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা কে কোন বিভাগে থাকবেন:
রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।
সিলেটে থাকবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান ও রংপুরে থাকবে ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়াও কুমিল্লায় থাকবে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় থাকবেন শামসুজ্জামান দুদু, ফরিদপুরে থাকবেন অ্যাডভোকেট আহমেদ আজম খান।
এ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কর্মসূচি পালনে সমন্বয় করবেন সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, জেলা/মহানগর বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব/প্রথম যুগ্ম আহ্বায়ক।
ইউডি/এ

