ব্রিটিশ এয়ারওয়েজ’র নারী কর্মীদের ইউনিফর্মে যুক্ত হলো হিজাব

ব্রিটিশ এয়ারওয়েজ’র নারী কর্মীদের ইউনিফর্মে যুক্ত হলো হিজাব

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী কর্মীদের ইউনিফর্মের সঙ্গে হিজাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পোশাককে সংস্থাটির তরফ থেকে ‘এয়ারলাইনস ফার্স্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তারা এসব পোশাক পরা শুরু করবেন।

এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ‘ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদেরকে সাহায্য করবে।’

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনস কর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কীভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন।

বোয়াটেং বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলবে। এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা ও ক্ষমতাবান করবে। যেটা পরে তারা সগর্বে দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং ওদের কথা শুনছে।’

জানা যায়, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরোনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। এছাড়া খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে।

কিছু ইউনিফর্ম এয়ারলাইন্সের জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading