ওবায়দুল কাদেরের মতো ভেঙে পড়বে সরকারের মঞ্চ: এলডিপি মহাসচিব
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে মঞ্চ ভেঙে পড়েছেন ঠিক সেইভাবে সরকারও বিদায় হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চ ভেঙে পড়ে গেছেন। মঞ্চ যদি সঠিকভাবে তৈরি না হয় এবং যতটুকু ভার নিতে পারবে তারচেয়ে বেশি যদি ভার নেওয়া হয় তাহলে মঞ্চ ভেঙে যাবে এটাই স্বাভাবিক। এই সরকারও জাতীয় সম্পদ যেভাবে লুট করেছে, সেই লুটের বোঝায় ওবায়দুল কাদেরের মতো সরকারের ভেঙে পড়বে।’
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে এফডিসি সংলগ্ন এলডিপির নিজস্ব কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থানের অংশ হিসেবে এলডিপিও সেখানে অবস্থান নেয়।
এলডিপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রীয় কাঠামোগুলোকে বেগম খালেদা জিয়া কোনো দিন হস্তক্ষেপ করেননি। তারপরও আজকে কোনো অজুহাত ছাড়া একটি চার্জ গঠন করে তাকে সাজা দেওয়া হয়েছে। তাই দেশনেত্রী বেগম খালেদার আমরা মুক্তি কামনা করছি।’
সারাদেশে বিরোধী রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী জেলহাজতে রয়েছেন তাদের মুক্তির দাবি জানান এলডিপির ওই নেতা।
দুই একটি জায়গাতে প্রহসনের নির্বাচনকে কৌশলে তারা সত্যিকারের নির্বাচন দেখিয়েছে দাবি করে তিনি বলেন, ‘রংপুরে সিটি নির্বাচন আওয়ামী লীগ সরকারের একটি অপকৌশল। এই অপকৌশলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে; তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।’
রেদোয়ান আহমেদ বলেন, ‘অতীতে এই দেশে বিএনপি-আওয়ামী লীগ ও জামায়াত মিলে আন্দোলন করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছিল। ২০০১ সালে আবার বিএনপি নির্বাচিত হয়েছিল। দেশের মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু আজকে যাদের বয়স ৩৫ বছর তারা ভোট কী জিনিস চিনতে পারেনি। সুতরাং নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য দেশবাসী আপনার বিরুদ্ধে।’
ইউডি/এ

