সন্ত্রাসীদের বিনাশ নিশ্চিত করতে চাই: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

সন্ত্রাসীদের বিনাশ নিশ্চিত করতে চাই: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে সরব উপস্থিতি দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে জাদুঘরের সামনের সড়ক।

বুধবার (১১ জানুয়ারি) ছাত্রলীগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘যারা সন্ত্রাস করে তাদের বিনাশ নিশ্চিত করতে চাই। আমরা বলতে চাই অগ্নিসন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলে না। এখনও তারা অগ্নিসন্ত্রাস করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি আজ করছে খুনিদের গেট টু গেদার। তারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে।’

তিনি প্রশ্ন করে বলেন, ‘বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাসে ৫০০ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ৩০০০ মানুষ দগ্ধ হয়ে আজও কষ্ট করছে। তাদের রাজনীতি করার অধিকার কি আছে? তারা গণতন্ত্রের নয় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি-জামায়াতের সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আপনারা জানেন, খালেদা জিয়ার সন্তানদের দুর্নীতির কথা। আমাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। হাওয়া ভবনের মাধ্যমে যারা সরকার পরিচালনা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সাদ্দাম আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের পরিবার আছে। আজকে তাদের সন্তানরাও তাদের কাছে নিরাপদ নয়। আরেকটি বিষয়ে আমাদের অবগত থাকতে হবে, বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্র পেরিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছে। জনগণের ম্যান্ডেটের থেকে যাদের কাছে বিদেশিদের ম্যান্ডেট বড় তাদের দেশের মানুষ সহ্য করবে না।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। ক্লাস করতে হবে। যখন প্রয়োজন হবে রাজপথে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই করতে হবে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘বিশ্বের দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মা। এই নদীতে ব্রিজ বানিয়ে সারাবিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। আজ দেশে চলছে মেট্রোরেল। আজ ভাঙা থেকে মাওয়ার মহাসড়ক দেখলে মনে হয় সিঙ্গাপুর দিয়ে যাচ্ছি।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এই উন্নয়নতো আপনাদের ভালো লাগে না। আপনাদের ভালো লাগে তলাবিহীন ভাঙা ঝুড়ি। যত বাধা আসুক আমরা এগিয়ে যাব। উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেবে না ছাত্রলীগ।’

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে পূর্বঘোষিত এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এদিন সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির কর্মসূচির বিপরীতে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading