১৩ জানুয়ারি বাপার মহাসমাবেশ
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) পরিবেশ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাদেশ থেকে সরাকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
মহাসমাবেশের পরদিন ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে বাংলাদেশের হাওর, নদী, ও বিল: সমস্যা ও প্রতিকার বিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সমাবেশ ও সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য, আয়োজন ও ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাপার সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।
বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, ‘এবারের সম্মেলন ও সমাবেশে হাওর, নদী ও বিলের সমস্যাগুলোর পাশাপাশি দেশের পরিবেশ সংকটের বিষয়গুলো তুলে ধরা হবে। কারণ একটা দেশের সম্পদ হলো নদী ও জলাভূমি। এর সঙ্গে মানুষের জীবনযাত্রা অনেক দিক থেকে সম্পর্কিত। তাই নদ-নদী ও জলাভূমিকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। দূষণবিরোধী চলমান কার্যক্রমগুলো জোরদার করতে হবে।’
মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বাপার সহ-সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-আহ্বায়ক ও বেনের বৈশ্বিক সমন্বয়ক ড. মো. খালেকুজ্জামান, বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপার কেন্দ্রীয় নেতা ড. শহীদুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার, পরিবেশ সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলমগীর কবির প্রমুখ।
ইউডি/এ

