আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলা, হতাহত ২০
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২০ জনের বেশি হতাহত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ঘটনার ছবিতে দেখা গেছে, ভবনের বাইরে রাস্তায় তুষারপাতের মধ্যে অনেক মানুষ পড়ে আছে। এএফপির গাড়ি চালক জামশেদ কারিমি বলেছেন, ‘কতজন নিহত বা আহত হয়েছেন তিনি জানেন না। তবে তিনি এক ব্যক্তিকে আত্মঘাতী হামলা চালাতে দেখেছেন।’
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এসে বোমা বিস্ফোরণ ঘটান। এ সময় মন্ত্রণালয়ের ভেতরে চীনা প্রতিনিধিদল বৈঠক করছিলেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বিস্ফোরণের কথা নিশ্চিত করে বলেছেন, ‘ঘটনাস্থলে নিরাপত্তা টিম পৌঁছেছে।’
২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা জোরদার করার দাবি করে আসছে তালেবান। তবে এরপর থেকে দেশটিতে বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)-এর আফগান শাখা।
ইউডি/এ

