শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস শুরু আজ
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০
বিশ লক্ষাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ‘দেশে আধুনিক ক্রীড়ার রূপকার’ শহীদ শেখ কামালের নামানুসারে শনিবার (১৪ জানুয়ারি) দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’।
দেশের ৫০০টি উপজেলা, ৬৪টি জেলা ও আটটি বিভাগের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার আনুমানিক ২০ লক্ষাধিক শিক্ষার্থী এতে অংশ নিবে বলে আশা করছে ফেডারেশন। শনিবার শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতা।
বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ এই অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা।
শ্রেণি ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নিবে এই প্রতিযোগিতায়।
‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিবে। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ , শট পুট, ডিসকাস থ্রো এবং চার গুনিতক ১০০ মিটার রিলেতে।
ইউডি/এ

