আবারও বেড়েছে বিটকয়েনের দাম
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সুবাতাস বইছে। শনিবার (১৪ জানুয়ারি) প্রায় প্রতিটি ভার্চুয়াল মুদ্রার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রকাশ করেছে আমেরিকা। এতে দেখা গেছে, মূল্যস্ফীতি কমেছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে ডিজিটাল মুদ্রার বাজারে।
এদিন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রধান মুদ্রা বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ। প্রতিটির দর উঠেছে ২১ হাজার ৪৪ ডলারে। গত ৮ নভেম্বরের পর যা সর্বোচ্চ।
শুধু একদিনের ব্যবধানেই বিটকয়েনের দর ঊর্ধ্বমুখী হয়েছে এক হাজার ১১৩ ডলার। এ নিয়ে টানা ১১ দিন মুদ্রাটির দাম বাড়ল।
সবমিলিয়ে চলতি বছর বিটকয়েনের মূল্যে উত্থান ঘটেছে ২৭ দশমিক ৬ শতাংশ। ২০২৩ সালে যা সবচেয়ে বেশি। এ বছরের শুরুতে যার ব্যাপক দরপতন ঘটে। ১৬ হাজার ৪৯৬ ডলারে তা নেমে যায়।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় বৃহত্তম মুদ্রা ইথেরিয়ামের দাম বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। প্রতিটির মূল্য স্থির হয়েছে প্রায় ১ হাজার ৫৫২ ডলার।
কয়েনজেকোর তথ্য অনুসারে, অন্যান্য ক্রিপ্টোর দরও বেড়েছে। কার্ডানো, ডোজেকয়েনের মূল্যও চড়া হয়েছে। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির সর্বমোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার। গত নভেম্বরের পর যা সর্বাধিক।
ফান্ডস্টার্টের ডিজিটাল অ্যাসেট কৌশলের প্রধান শিন ফারেল বলেন, সিপিআই সূচক নিম্নমুখী হওয়ার পর ক্রিপ্টোঅ্যাসেটগুলো দারুণ পারফরম্যান্স করেছে। এতে স্পষ্ট, ম্যাক্রোর সঙ্গে ক্রিপ্টোর সম্পর্ক শিগগিরই শেষ হচ্ছে না।
ইউডি/এ

