‘দুর্নীতিবাজরা সরকারি দলে আশ্রয় নিয়েছে’

‘দুর্নীতিবাজরা সরকারি দলে আশ্রয় নিয়েছে’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সরকারের নিজের ঘর পরিষ্কার করলে দুর্নীতি অর্ধেক কমে যেত। কারণ দুর্নীতিবাজরা এখন সরকার ও সরকারি দলে আশ্রয় নিয়েছে।’

রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে সরকার ক্ষমতা প্রলম্বিত করলেও গত দেড় দশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। দুর্নীতি এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতিবাজরা সরকার ও সরকারি দলে আশ্রয় নিয়েছে। বিপুল সম্ভাবনাময় এ দেশকে অনেকখানি পঙ্গু করে দিয়েছে দুর্নীতি।’

তিনি বলেন, ‘বহু নিয়ন্ত্রণ ও খবরদারির মধ্যেও গণমাধ্যম প্রতিদিন সরকার সংশ্লিষ্টদের দুর্নীতির যেসব রোমহর্ষক ঘটনা প্রকাশ করছে, কেবল সেসবের বিচার হলেও দুর্নীতি অনেকখানি কমে যেতে পারে। সরকার ও সরকারি দল কেবল নিজেদের ঘর পরিস্কার করলেই দুর্নীতি অর্ধেক কমে যেত।’

সাইফুল হক আরও বলেন, ‘দুর্নীতিবাজদের তথ্য প্রধানমন্ত্রী ও তার সচিবালয়ের অজানা থাকার কথা নয়। প্রয়োজনে সরাসরি দুর্নীতির তথ্য পেতে প্রধানমন্ত্রী তার সচিবালয়ে বিশেষ একটি শাখাও খুলতে পারেন।’

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ রিয়েল, জোনায়েদ হোসেন, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে ‘স্বেচ্ছাচারী’ পন্থায় বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading