আমেরিকায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

আমেরিকায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাসের একটি শিশু ও ১৭ বছর বয়সী এক মা রয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টুল্যারি কাউন্টির শেরিফ মাইক বুড্র জানিয়েছেন, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি।

বুড্র বলেছেন, ‘আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল। আমাদের ধারণা এ ঘটনায় একটি অপরাধী চক্র জড়িত আছে।’

ঠিক এক সপ্তাহ আগে ওই বাড়িতে মাদকের খোঁজে শেরিফ দপ্তর তল্লাশি চালিয়েছিল বলে জানান এই কর্মকর্তা।

বুড্র বলেন, সোমবার ভোরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতদের দেখতে পায়। তখনও একজন জীবিত ছিলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিকভাবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, ‘আমার কাছে আরও কিছু তথ্য আছে, কিন্তু এই পয়েন্টে আলোচনা করার এখতিয়ার আমার নেই। আমাদের কাছে সম্ভাব্য যে তথ্য আছে আশা করি তা সম্ভাব্য সন্দেহভাজনদের কাছে নিয়ে যাবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading