সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ: ইসি আহসান হাবিব
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৮
দেশের সব নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।’
বুধবার (১৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় ‘নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ’ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। তিনি ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সঙ্গে ভোট গ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান।
এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শূন্য হয়। ওই আসনে আগামী পহেলা ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউডি/এ

