চুরির দায়ে প্রকাশ্যে ৪ জনের হাত কাটল তালেবান

চুরির দায়ে প্রকাশ্যে ৪ জনের হাত কাটল তালেবান

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১০

চুরির অপরাধে আফগানিস্তানে চারজনের হাত কেটে নিয়েছে তালেবান। দেশটির কান্দাহারের আহমদ শাহি স্টেডিয়ামে প্রকাশ্যে ওই চারজনের হাত কেটে নেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধের অভিযোগে নয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। অভিযুক্তদের ৩৫ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে।

এ ঘটনার পর তালেবান সরকারের বিরুদ্ধে ফের সমালোচনায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

কান্দাহারের গভর্নর অফিসের মুখপাত্র হাজি জায়েদ জানিয়েছেন, অভিযুক্তদের হাত কেটে নেওয়ার পাশাপাশি নয়জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। ঘটনার সময় স্টেডিয়ামে ছিলেন তালেবান কর্মকর্তা, ধর্মীয় নেতা, স্থানীয়রা।

আফগান সাংবাদিক তাজুদেন সরোশ টুইটারে স্টেডিয়ামে শাস্তির প্রয়োগের ওই ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শাস্তির আগে মাঠের ওপর বসে রয়েছেন অভিযুক্তরা।

ওই সাংবাদিক নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘এটি কেবলই ইতিহাসের পুনরাবৃত্তি। ১৯৯০ সালে তালেবানরা যেভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া শুরু করেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।’

এদিকে, আফগান পুনর্বাসন এবং ব্রিটেন শরণার্থী বিষয়ক মন্ত্রীর সাবেক নীতি বিষয়ক উপদেষ্টা শবনম নাসিমি বলেছেন, ‘তালেবানরা আজ কান্দাহারের একটি ফুটবল স্টেডিয়ামে দর্শকদের সামনে চুরির অভিযোগে চার জনের হাত কেটে দিয়েছে। আফগানিস্তানে ন্যায্য বিচার ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই মানুষকে বেত্রাঘাত করা হচ্ছে, অঙ্গ কেটে ফেলা হচ্ছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এটা মানবাধিকারের লঙ্ঘন।’

তিনিও তালিবানদের এই নির্মম শাস্তিদানের ছবি শেয়ার করেছেন। গত ডিসেম্বরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছিল তালেবান। পুনরায় আফগানিস্তান দখল করার পর এটাই ছিল প্রথম প্রকাশ্য মৃত্যুদণ্ড।

সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে জানা গেছে, শত শত দর্শক এবং তালেবানের শীর্ষ কর্মকর্তারা ওই মৃত্যুদণ্ডের সময় উপস্থিত ছিলেন।

দেশটির পশ্চিমের ফারাহ প্রদেশে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading