বিদিশার কাছে এরিক ‘নিরাপদ নয়’, দাবি এরশাদ ট্রাস্টের
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশা সিদ্দিকের কাছে নিরাপদ নয় বলে দাবি করেছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে জন্মদাতা মা বিদিশা সিদ্দিকের কাছে এরিক এরশাদ নিরাপদ নয়। পাশাপাশি বিদিশা সিদ্দিক অর্থের লোভে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছে। এরিক এরশাদ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সুস্থ, তাকে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে।’
বুধবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাজী মামুনুর রশিদ বলেন, ‘ট্রাস্ট মনে করে বিদিশা সিদ্দিকের কাছে এরিক এরশাদ নিরাপদ নয়। এরিক এরশাদকে ভালো রাখতে যা করা দরকার তার সবকিছুই ট্রাস্ট করবে। কেউ যেন ট্রাস্টের কোনো প্রকার অর্থ লেনদেন করতে না পারে এজন্য ট্রাস্টেরর পক্ষ থেকে ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এই ট্রাস্টের যে অর্থ আছে এসবের লেনদেনে হিসাব সঠিকভাবে হচ্ছে কি না সেজন্য অডিট গঠন করা হবে। বিদিশা অর্থের লোভে এসব কর্মকাণ্ড করছেন।’
এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জানান, এরিক এরশাদের নিজের নামের অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা দিয়ে তার প্রয়োজনীয় খরচ মেটানো হবে। আর এই অ্যাকাউন্টের অর্থ আসে বনানীর দোকান (দুই লাখ ৪০ হাজার টাকা) এবং একটি ফ্ল্যাটের (৬০ হাজার টাক) ভাড়া থেকে।
নিজ মায়ের কাছে যদি সন্তান নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের গঠিত ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী হচ্ছেন এরিক এরশাদ। বিদিশা সিদ্দিক যখন প্রেসিডেন্ট পার্কে আসেন তার সঙ্গে কথা হয়েছিল, তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। তখন ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন মেজর খালেদ আক্তার। বর্তমানে তিনি প্রয়াত। সে সময় আমি মূল দায়িত্বে ছিলাম না। সে সময় মেজর খালেদ আক্তার বলেছিলেন, উনি (বিদিশা সিদ্দিক) তো তার (এরিক এরশাদের) মা। সে হিসেবে উনি এরিকের দেখাশোনা করতে পারবে, তবে স্থায়ীভাবে নয়। মাঝেমধ্যে আসবে তার সঙ্গে দেখাশোনা করে সময় কাটিয়ে চলে যাবে।’
এরিককে মুক্তভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না- ট্রাস্টের তোলা এ অভিযোগকে সত্য প্রমাণিত করতে সংবাদ সম্মেলনে এরিক এরশাদের সঙ্গে ড্রাইভার মহিদুল এবং ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের ফোনালাপের রেকর্ড শোনানো হয়। ফোনালাপে এরিক তাকে প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে উদ্ধার করার কথা বলেন। তাকে মা বিদিশা অন্য নারীদের সঙ্গে অবৈধ মেলামেশায় বাধ্য করাচ্ছেন বলেও ফোনালাপে অভিযোগ করতে শোনা যায়।
ইউডি/এ

