‘পাঠান’ নিয়ে বিজেপি নেতাদের সতর্ক করলেন মোদি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘পাঠান’ এর ‘বেশরম রং’ গান মুক্তির পর থেকেই শুরু হতে থাকে নানা বিতর্ক। গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে ধরা দেন অভিনেত্রী। কমলা ও সবুজ রঙের পোশাক পরার জন্য এ নিয়ে আপত্তি জানায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। আবার রাজ্যের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম নায়ক শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সিনেমাটি নিয়ে চারপাশে নানা বিতর্ক-সমালোচনা একের পর এক চলছেই। আগামী ২৫ জানুয়ারি এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মুক্তি সামনে রেখে যখন নানা সমালোচনা, সেই সময় দলীয় নেতাদের পরামর্শ দিলেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত ১৬ ও ১৭ জানুয়ারি দিল্লিতে বিজেপির কার্যনির্বাহীর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন নরেন্দ্র মোদি।
টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে নরেন্দ্র মোদি বিজেপি নেতাদের সতর্ক করে বলেন, কিছু সিনেমা নিয়ে কয়েকজন মন্তব্য করেন। যা সারাদিন টেলিভিশন ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এ ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।
এদিকে রাজনতিক বিশ্লেষকদের অভিমত, সম্প্রতি ‘পাঠান’ সিনেমা ও এর গান নিয়ে যখন বিতর্ক ও বয়কট ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।
মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের দাবি, কমলা রঙের বিকিনি পরিয়ে ‘সস্তার প্রচার’ এর চেষ্টা করছেন নির্মাতারা। হিন্দুত্বের ভাবমূর্তি বা মনোভাবকে আঘাত করে এমন সিনেমা মহারাষ্ট্রে মুক্তি দিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন রাম কদম।
ইউডি/এ

