সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
বাংলা চলচ্চিত্রের ‘চিরতরুণ’ নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন।
৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র। তিনি ছিলেন একই সঙ্গে অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী ও কবি। তার চিত্রশিল্পী পরিচয়ও সবাইকে মুগ্ধ করেছে।
একসময় ‘এক্ষণ’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার কাজেও গভীরভাবে যুক্ত ছিলেন। ১৯৫৮-তে ‘অপুর সংসার’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। এরপর সত্যজিতের ১৪টি ছবিতে অভিনয় করেছেন।
‘দেবী’, ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চারুলতা’, ‘অশনি সংকেত’ প্রভৃতি। তপন সিনহার ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’, অসিত সেনের ‘স্বয়ম্বরা’, পাশাপাশি মৃণাল সেনের ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আকাশকুসুম’, ঋতুপর্ণ ঘোষের ‘অসুখ’ ছবিতে নানা ধরনের চরিত্রে সৌমিত্র অনায়াস বিচরণ করেছেন।
১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের শহর নদীয়ার কৃষ্ণনগরে তার জন্ম। নাট্যচর্চার এই তীর্থক্ষেত্রেই গড়ে উঠেছিল তার নাটক করার মানসিকতা।
ছাত্রজীবনেই নাটকে অভিনয় শুরু। কলেজ জীবনে অহীন্দ্র চৌধুরী ও পরে নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর সান্নিধ্যে এসে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে সৌমিত্র মনস্থির করে নিয়েছিলেন। তবে প্রথমে আকাশবাণীতে কিছুদিনের জন্য ঘোষক হিসেবে কাজ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই চিরতরুণ নায়ক।
২০২০ সালের ১৫ নভেম্বর কোটি বাঙালিকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায়।
ইউডি/এ

