বাংলা একাডেমিকেও দলীয়করণ করেছে সরকার : মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫
আসন্ন অমর একুশে বই মেলায় ভিন্নমতের বই প্রকাশকারী স্টল স্থগিতের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বই মেলা কোনো সরকার বা একক দলের নয়।’
বাংলা একাডেমি আয়োজিত আসন্ন একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করায় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলা একাডেমির একুশে বই মেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকারবিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আদর্শ প্রকাশনীকে আসন্ন বই মেলায় স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়। এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বই মেলা কোনো সরকার বা একক দলের নয়। বরং দলমত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্ন মতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমি ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো এবং ভিন্নমত দমন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতে অপব্যবহার করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এর আগেও কয়েকবার বাংলা একাডেমি একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার স্টল স্থগিত বা বাতিল করেছে। গণবিরোধী আওয়ামী সরকার গণতন্ত্র হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন দীর্ঘায়িত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নগ্ন দলীয়করণ ও দখল করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। জনগণের অর্থে পরিচালিত বাংলা একাডেমির মতো সৃজনশীল এবং মেধা ও মননের প্রতিষ্ঠানকেও এরা ঘৃণ্য দলীয়করণ করেছে।’
তিনি বলেন, ‘আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একুশের বইমেলাকে দলীয়করণ না করার আহ্বান জানাই এবং আসন্ন বই মেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই, যাতে বই মেলা দল-মত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে পুনঃবিবেচিত হতে পারে।’
ইউডি/এ

