আখেরি মোনাজাত: টঙ্গীর পথে লাখো মুসল্লি
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩৬
তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
রোববার (২২ জানুয়ারি) ফজরের নামাজের পর ইন্ডিয়ার দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়। সকাল ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম শুরু করেন। এরপর শুরু হয় হেদায়েতি বয়ান।
তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সড়কে টঙ্গীমুখী অনেক মুসল্লি দেখা গেছে।
রোববার দুপুর ১২টায় শুরু হতে যাওয়া মোনাজাতে অংশ নিতে ভোর থেকে রাজধানী, সাভার, নরসিংদী, গাজীপুর ও আশপাশের বিভিন্ন উপজেলার মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসা শুরু করেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হবে।
তিনি বলেন, সকালে মুরব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভি। এর আগে তিনিই মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান করবেন।
ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রথম পর্বের মোনাজাত উপলক্ষে অধিকাংশ শিল্পকারখানা ও প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার তেমনটা রাখা হয়নি।
তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন প্রথম পর্বে অনেকেই আখেরি মোনাজাতে অংশ নেয়ায় এবারের পর্বের মোনাজাতে মুসল্লির সংখ্যা কিছুটা কম হবে।
ইউডি/এ

