বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

বিশ্বে দূষিত শহরের তালিকায় শুক্র-শনিবারের পর আজও শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। বাতাসের মান ‘বেশি অস্বাস্থ্যকর’ হওয়ায় ঢাকার এ অবস্থান।

রোববার (২২ জানুয়ারি) সকাল আটটার দিকে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকার ঢাকার পরেই আছে উজবেকিস্তানের তাসখন্দ। আর শীর্ষ ৫-এ আছে চীনের দুটি শহর।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩১৬, তাসখন্দের ২৬৮। এরপর আছে চীনের সেনইয়াং শহর (২৫৪), ভিয়েতনামের হ্যানয় (২৪১), চীনের চেংডু (২১৩), কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২০৮) ও ইন্ডিয়ার কলকাতা (২০১)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading