আমেরিকায় চন্দ্র নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বন্দুক হামলা
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের মোনাটারি পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক সংবাদমাধ্যম ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’ স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে সেখানে চীনের চন্দ্র নববর্ষ উদযাপনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত ১০টায় প্রথম গুলির শব্দ শোনা যায়। এখন পর্যন্ত কতজন গুলিবিদ্ধ হয়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
দুই দিনের চন্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতে ছিলেন।

জন নামে ২৭ বছর বয়সী এক যুবক জানিয়েছেন, তিনি ঘটনাস্থলের কাছেই থাকেন। রাত ১০টার দিকে বাসায় ফেরার পর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এরপর রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসা থেকে নামেন।
জন বলেন, ‘আমার প্রথম চিন্তা ছিল, আমি জানতাম সেখানে অনেকে চন্দ্র নববর্ষের অনুষ্ঠান উদযাপন করছিল।’
কিন্তু জন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সেখানকার মানুষ সরে গেছেন। একজনকে স্ট্রেচারে তোলা হচ্ছে। আরেকজনের হাতে ব্যান্ডেজ লাগানো ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের অসংখ্য গাড়ি উপস্থিত হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা দিচ্ছেন তারা।
আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে গুলি চালিয়েছে বা তাকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।
ইউডি/এ

