২ ফেব্রুয়ারি থেকে পাতাল মেট্রোরেলের কর্মযজ্ঞ শুরু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩৫
দেশের প্রথম পাতাল মেট্রোরেল ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-১ বা মেট্রোরেলের লাইন-১-এর নির্মাণকাজের উদ্বোধন হবে আগামী ২ ফেব্রুয়ারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্রাহ্মণখালীর জনতা হাইস্কুলের পাশে একটি খোলা জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান হবে।
পূর্বাচলের পিতলগঞ্জে মেট্রোরেল লাইন-১-এর ডিপো নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল-১ প্রকল্পের পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা গণমাধ্যমকে এসব তথ্য জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এর আগে জানিয়েছিলেন, ভূগর্ভস্থ মেট্রো লাইনের দুটি অংশ থাকবে। ঢাকা বিমানবন্দর থেকে প্রায় ১৯.৮৭ কিলোমিটার। এরমধ্যে ১৬.৪ কিলোমিটার ভূগর্ভস্থ ও নতুন বাজার থেকে পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় ১১.৩৬ কিলোমিটার উঁচু করা হয়েছে।
ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর যেতে ২৪ মিনিট সময় লাগবে। রুটের ১২টি আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিরতি ও সাতটি স্টেশনে বিরতিসহ নতুন বাজার থেকে পূর্বাচল যেতে ২০ মিনিট সময় লাগবে।
কর্তৃপক্ষ বলছে, এমআরটি লাইন-১ আন্ডারগ্রাউন্ড স্টেশনে তিন তলা থাকবে। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাগুলো প্রথম বেসমেন্টে থাকবে।
প্ল্যাটফর্মটি হবে দ্বিতীয় স্তরে। এলিভেটেড স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম হবে তৃতীয় তলায়। এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড দুই স্টেশনেই লিফট, সিঁড়ি ও এসকেলেটর থাকবে।
প্রকল্পটির জন্য ডিএমটিসিএল জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি ১২টি প্যাকেজে বাস্তবায়িত হবে।
এমআরটি লাইন ১ নির্মাণের তদারকির জন্য ২০১২ সালের ২৩ অক্টোবরে একটি পরামর্শক সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। ডিপো নির্মাণের সঙ্গে সম্পর্কিত প্যাকেজ সিপি-১-এর জন্য ২০২২ সালের ২৩ নভেম্বর আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এমআরটি-১ এর ডিপো ও ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী মৌজায় মোট ১২.৯৭২৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে মোট ১৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
ইউডি/এ

