আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : কাদের

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না : কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এখনো খেলা শুরু করেনি। কেবল মহড়া দিচ্ছে মাত্র। মাঠে নামলে কোথায় যাবে বিএনপি, এই দলকে তো খুঁজেই পাওয়া যাবে না। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি। বিএনপির আন্দোলনের নেতাকর্মী ছাড়া কোনো জনগণ নেই।’

বিএনপি ভুয়া কর্মসূচি নিয়ে মাঠে আছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির লালকার্ড, ১০ দফা দাবি ও ৫৪ দল সবকিছুই ভুয়া। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। এটা গনঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা। মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরল। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাত দিন আগে থেকে সমাবেশের প্রস্তুতি নিলেও সবই ব্যর্থ। তাদের সঙ্গে দেশের জনগণ নেই।’

জিয়াউর রহমান বঙ্গবন্ধু কাছে দরখাস্ত করেছিল বাকশালে আসার জন্য- এটার প্রমাণ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাকশাল নিয়ে কথা বলে। এটা জাতীয় দল, এদলে আসার জন্য জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করেছিল। এটার প্রমাণ আছে। কৃষক শ্রমিক আন্দোলন করেছিল তাদের আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়।’

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি ঘোষণা করার নির্দেশ দেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading