ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন ট্রাম্প

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন ট্রাম্প

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা।

এ ঘটনার পর ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক। ফলে টানা দুই বছর নিষেধাজ্ঞার পর আবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফিরছেন সাবেক এই প্রেসিডেন্ট।

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে বলেন, ‘মূলত ক্যাপিটাল হিল দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসা করার পর ফেসবুক থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। তবে আমাদের রাজনীতিবিদদের মতামত জানার অধিকার জনগণের রয়েছে। সেই ব্যবস্থা করে দিতেই তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।’

তিনি জানান, তারা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এখন আর সাধারণ মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরির সম্ভাবনা নেই। তবে ট্রাম্প যেহেতু এর আগে নিয়ম-নীতি ভঙ্গ করেছিলেন, যদি আরেকবার তিনি এমনটি করেন তাহলে পরবর্তীতে আরও বড় শাস্তির মুখে পড়বেন।

মেটা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুককে খোঁচা দিয়ে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।

সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুক আপনার প্রিয় প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা দিয়ে কয়েক বিলিয়ন ডলার হারিয়েছে।’

আমেরিকায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়বেন ট্রাম্প। এ কারণে বেশ কয়েকদিন ধরে ট্রাম্পের অ্যাকাউন্ট সক্রিয় করে দেওয়ার জন্য মেটাকে চাপ দেয় তার দল রিপাবলিকান পার্টি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading