জায়েদের আবদার, বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি দিলে ইন্ডিয়াতে তার ছবি চালাতে হবে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
সাফটা চুক্তিতে দেশে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মিটিংও হয়েছে। যদিও বিষয়টি ঝুলে আছে তারপরও আমদানিকারকরা আশাবাদ ব্যক্ত করেছেন।।
বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোও দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পদক চিত্রনায়ক জায়েদ খান বলছেন, ‘বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ইন্ডিয়ায় আমার ছবি, আমাদের সংস্কৃতির ছবি মুক্তি দিতে হবে, না হলে আমি এ দেশে কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে না। আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই।’
জায়েদ মনে করেন, ‘হিন্দি সিনেমা আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে।’
তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে। ভালো ভালো সিনেমা হচ্ছে। হল বাঁচাতে হলে আমাদের ভালো কন্টেন্ট নির্মাণ করতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।’
অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির বলিউডের সিনেমায় আপত্তি নেই, তবে লাভের ভাগ চায় সংগঠনটি।
বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলছেন, ‘বলিউডের ছবি বাংলাদেশে আসার ব্যাপারে ইতোমধ্যে শিল্পী সমিতির সদস্যরা একত্রিত হয়ে মিটিং করেছি। সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, বলিউডের ছবিটা মুক্তির পর বাংলাদেশে যা লাভ করবে সেখান থেকে ১০ শতাংশ শিল্পী সমিতিতে দেবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনো এই প্রস্তাবের ফিডব্যাক আসেনি।’
কিছুদিন আগে বলিউডের সিনেমা বাংলাদেশে আমদানির পক্ষে সম্মতি জানিয়ে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, ‘সিনেমার সংখ্যা যেহেতু আমরা বাড়াতে পারিনি, তাই প্রস্তাব আছে সিনেমা হলগুলো বাঁচাতে কিছু সিনেমা যদি বাইরে থেকে আসে তাহলে এটা বেনিফিট হতে পারে। সরকার সব কিছু করে দেবে না। আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। আমরা যদি একযোগে যাই এবং একসুরে কথা বলি তাহলে হয়তো সরকার কিছু করবে।’
সাফটা চুক্তির আওতায় সম্প্রতি বলিউডের ‘পাঠান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন পরিবেশক ও প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। গত মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়। জানা গেছে, খুব সহসাই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির অনুমতি পাচ্ছে না।
বুধবার ইন্ডিয়াজুড়ে মুক্তি পেয়েছে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ।
এতে টাইগার চরিত্রে ক্যামিও করেছেন সালমান খান। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।
ইউডি/এ

