ইন্ডিয়ায় ৭৪০ কোটি ডলারের এআই ডেটা সেন্টার বানাচ্ছে টিসিএস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ০৮:৪০
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামো খাতে বড় বিনিয়োগের পথে হাঁটছে ইন্ডিয়ার বৃহত্তম সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)।
অংশীদারদের নিয়ে তেলেঙ্গানা রাজ্যে একটি বিশাল এআই ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৭০০ বিলিয়ন রুপি বা ৭৪০ কোটি ডলার।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জে দেওয়া ফাইলিংয়ে মেগা প্রকল্পটির ঘোষণা দেয় টিসিএস।
টিসিএসের বিশেষ উদ্যোগ ‘হাইপারভল্ট’-এর আওতায় তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে ২৬৪ একর জমির ওপর ডেটা সেন্টারটি নির্মাণ করা হবে। এক গিগাওয়াট সক্ষমতার এই ডেটা সেন্টারের নির্মাণকাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। পুরো প্রকল্প শেষ হলে এটি ভারতের অন্যতম বৃহৎ এআই অবকাঠামোতে পরিণত হবে।
মূলত এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এবং হাইপারস্কেলারদের জন্য এ ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। হাইপারস্কেলার বলতে বড় পরিসরে ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়।
ডেটা সেন্টারটিতে এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য ‘হাই-ডেনসিটি জিপিইউ’ এবং ‘লিকুইড-কুলড’ কম্পিউটিং অবকাঠামোর সুবিধা থাকবে।
টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক গ্রাহকদের সেবা দেওয়ার জন্য যে পরিসর, মেধা এবং অনুকূল ইকোসিস্টেম প্রয়োজন, হায়দ্রাবাদে তার সবই রয়েছে।’
প্রথাগত তথ্যপ্রযুক্তি সেবার বাইরে ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করছে টিসিএস। এরই অংশ হিসেবে মেগা ডেটা সেন্টার নির্মাণের ঘোষণার কয়েক দিন আগে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে এজির অটোমোটিভ ও কনসালটিং ইউনিট ‘এমএইচপি’ কিনে নেওয়ার চুক্তি করে প্রতিষ্ঠানটি।
ইউডি/কেএস

