পদ্মশ্রী পেলেন রাভিনা ট্যান্ডন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০
ইন্ডিয়ার ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) দেশটির সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে রয়েছে রাভিনা ট্যান্ডনের নামও। চলচ্চিত্রে অবদানের জন্য দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এ বলিউড অভিনেত্রী।
এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম এনডিটিভি।
সম্প্রতি ডব্লিউ-২০ এ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রাভিনা ট্যান্ডন। এর একদিন পরেই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন এই অভিনেত্রী। ইন্ডিয়ার অন্যতম বড় বেসামরিক সম্মাননায় ভূষিত হয়ে রাভিনা ট্যান্ডন যারপনাই আনন্দিত। প্রয়াত বাবা রবি ট্যান্ডনকে এ পুরস্কার উৎসর্গ করেছেন বলিউড তারকা।
পদ্মশ্রী পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রাভিনা ট্যান্ডন বলেন, আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। সিনেমা এবং শিল্পের প্রতি আমার অবদান, জীবন, আবেগ এবং উদ্দেশ্যকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র সিনেমা শিল্পেই নয়, তার থেকেও বেশি কিছুতে আমি অবদান রাখতে চাই।
‘সিনেমার ও শিল্পে যাত্রার মধ্যে যারা আমার হাত ধরে আমাকে পথ দেখিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেকেই এই যাত্রায় আমার পাশে ছিলেন এবং যারা আমাকে তাদের জায়গা থেকে দেখেছেন। আমি আমার বাবার কাছে ঋণী’, বলেন তিনি।
১৯৭৪ সালের ২৬ অক্টোবর ইন্ডিয়ার মুম্বাইয়ে জন্ম নেন রাভিনা ট্যান্ডন। বলিউড ছাড়াও তেলুগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
১৯৯১ সালে ‘পাথর কে ফুল’ সিনেমা দিয়ে বড় পর্দায় রাভিনার যাত্রা শুরু হয়। নব্বইয়ের দশকে তিনি দিলওয়ালে, মোহরা , খিলাড়িয়োঁ কা খিলাড়ি, জিদ্দি, দুলহে রাজা, বড়ে মিয়া ছোটে মিঞা-র মতো বাণিজ্যিকভাবে সফল ছবিতেও অভিনয় করেছেন।
মূলধারার পাশাপাশি ভিন্নধারার চলচ্চিত্রেও কাজ করেছেন রাভিনা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত দমন ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি। কল্পনা লাজমি পরিচালিত এ ছবিতে দুর্দান্ত অভিনয়ের কারণে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রাভিনা।
ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় সমানতালে অভিনয় করে গেছেছেন রাবিনা ট্যান্ডন। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
এছাড়া, ঝুলিতে ভরেছেন বলিউডের অস্কারখ্যাত ফিল্মফেয়ার পুরস্কারও। চলচ্চিত্রের পাশাপাশি রাভিনা গত বছর পা রেখেছেন ওয়েব সিরিজের জগতেও।
অরণ্যক নামে ওয়েব সিরিজে তার অভিনয় সর্বমহলে দারুণভাবে প্রশংসা কুড়ায়।
ইউডি/এ

