গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি

গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:৩০

প্রতিবছরই ফুটবল মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ জন ফুটবলার বেছে নেয় ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। সেই ধারাবাহিকতায় ২০৬ জনের নির্বাচক প্যানেল এবার সেরা ১০০ জন ফুটবলারের তালিকা তৈরি করেন। যেখানে গার্ডিয়ানের চোখে এবারের বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতে নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

২০২২ সালের ফুটবলাঙ্গন ছিল নানান ঘটন-অঘটন ও নাটকীয়তায় ঠাসা। মরুর বুকে শুরুতে হোঁচট খেয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা উঁচু করে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৪ সালে সোনালি ট্রফির কাছে গিয়েও ব্যর্থ হয়েছিলেন লা পুলগা। তারপর সেই স্মরণীয় মুহূর্ত ধরা দেয় কাতারে। নিজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন। ইতিহাসের একমাত্র তারকা হিসেবে বিশ্বকাপের দুইটি গোল্ডেন বুট জয়ী ফুটবলার এখন মেসি।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় মেসি ছাড়াও সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (দ্বিতীয়), করিম বেনজেমা (তৃতীয়), আরলিং হল্যান্ড (চতুর্থ) ও লুকা মদ্রিচ (পঞ্চম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রয়েছেন ১২তম স্থানে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম।

তাছাড়াও দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় সেরা দশের মধ্যে রয়েছেন কেভিন ডি ব্রুইনে, রবার্ট লেভানডভস্কি, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া ও মোহাম্মদ সালাহ।

সেরা ১০০ জনের তালিকায় ম্যানসিটির ১২, রিয়াল মাদ্রিদের ১১, লিভারপুলের ৯, ম্যানইউ-পিএসজি-বার্সেলোনার পাঁচ জন করে ফুটবলার রয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading