সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে: নুর

সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে: নুর

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘টানা ১৪ বছর ক্ষমতায় থেকেও এ সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।’

শনিবার (২৮ জানুয়ারি) রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে গণঅধিকার পরিষদের সদস্য ফরম উন্মোচন এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তার মানে এই নয়, আজীবন সুষ্ঠু নির্বাচন হবে না।’

পশ্চিমারা গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যতটা সরব, তাতে এই সরকারকে ২০১৪ এবং ১৮ সালের নির্বাচনের মতো আর কোনো নির্বাচন বাংলাদেশ করতে দেওয়া হবে না বলে এসময় মন্তব্য করেন নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সরকারের সঙ্গে ইন্ডিয়ার সুসম্পর্ক থাকলেও এই উত্তরের জন্য তিস্তা চুক্তির কোনো অগ্রগতির খবর দিতে পারেনি তারা। বিভিন্ন সময়ে ইন্ডিয়ার উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হলে তারা বলে, তোমাদের দেশের সরকার কেন বর্ডারে হত্যা ও তিস্তা চুক্তি নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা চালায় না। এটা তদের ব্যর্থতা। এটা বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার পরিচয়।’

‘ইন্ডিয়ার বিভিন্ন ব্যক্তিরা আমাদের বলেন, বাংলাদেশের যদি নতুন কোনো দল ইন্ডিয়ার সঙ্গে ইতিবাচকভাবে কাজ করতে চায় আমরা তাদের সহযোগিতা করবো’, বলেন নুর।

এসময় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিব, সহকারী সদস্য সচিব ও রংপুর বিভাগীয় সমন্বয়ক মাসুদ মোন্নাফ, ইব্রাহিম খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading