থাইল্যান্ড সফর, এমপিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
রুশ বাহিনীর সঙ্গে কঠিন যুদ্ধ চলার সময় থাইল্যান্ড ভ্রমণের জন্য এবার নিজ দল দ্য সারভেন্ট অব পিপলস পার্টির আইনপ্রণেতা মাইকোলা তাইশ্চেঙ্কোকে পার্লামেন্ট থেকে অব্যাহতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দলের মুখপাত্র ইউলিয়া প্যালিচুক শুক্রবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পার্লামেন্টের ওয়েবসাইটের পাশাপাশি ইতোমধ্যে থাইল্যান্ডে ইউক্রেনীয় দূতাবাসের ওয়েবসাইটেও ঘোষণাটি আপলোড করা হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, থাইল্যান্ডের একটি বিলাসবহুল হোটেলে বর্তমানে অবস্থান করছেন তাইশ্চেঙ্কো। শনিবার (২৮ জানুয়ারি) সেখানে প্রবাসী কয়েকজন ইউক্রেনীয়র সঙ্গে বৈঠকের সূচিও ছিল তার।
তাইশ্চেঙ্কো অবশ্য শনিবার এক ফেসবুক পোস্টে বলেছেন, তিনি পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনুমতি নিয়েই থাইল্যান্ডে এসেছিলেন। তার এই সফর মোটেই প্রমোদভ্রমণ নয়; বরং ইউক্রেনের জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবেই থাইল্যান্ডে এসেছেন তিনি।
তবে ঠিক কী উদ্দেশ্যে তার এই সফর, সে সম্পর্কে ফেসবুক পোস্টে স্পষ্ট করে কিছু বলেননি তাইশ্চেঙ্কো। এছাড়া ইতোমধ্যে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রাসলান স্তেফানচুক সাংবাদিকদের কাছে জানিয়েছেন, তাইশ্চেঙ্কো তার কাছ থেকে এই সফরের বিষয়ে অনুমতি নেননি।
ইউডি/এ

