‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে’
উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে।’
রোববার (২৯ জানুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।
এনামুল হক শামীম বলেন, নৌকা মার্কায় জনগণ ভোট দেওয়ার কারণেই বঙ্গবন্ধু কন্যা বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের ঘরে ঘরে উন্নয়ন হয়েছে। বিশ্বকে তাক লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়। বাংলাদেশ পুরস্কৃত হয়।
অপরদিকে, বিএনপি ক্ষমতায় থাকলে জঙ্গিবাদ-সন্ত্রাসের উৎথান হয়। বাংলাদেশ তিরস্কৃত হয়। তারা ক্ষমতায় থাকলে লুটপাট করে। আর ক্ষমতায় না থাকলে দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। বিএনপির ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ইউডি/এ

