ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন
উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
ইয়াবা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নেওয়া আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৯ সালে আট লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২১ সালে এই মামলার বিচার শুরু হয়। আজ আদালত আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।’
এর আগে গত ২৪ জানুয়ারি ইয়াবা ও মুদ্রা পাচারের মামলায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন।
ইউডি/এ

