আমেরিকান ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন বলসোনারো
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
ছয় মাসের আমেরিকান ট্যুরিস্ট ভিসার আবেদন করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
তার আইনজীবী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। যদিও গত বছরের ৩০ ডিসেম্বর থেকে আমেরিকার ফ্লোরিডাতেই অবস্থান করছেন ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
বলসোনারো এমন সময়ে আমেরিকায় থাকার পরিকল্পনার কথা জানালেন, যখন আমেরিকান অভিবাসন কর্মকর্তারা তার ভিসা প্রক্রিয়ার কাজ চালাচ্ছেন। চলতি মাসের শুরুতে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনা ঘটে। এরপর দেশটিতে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
বলসোনারো ওই দাঙ্গা ও সহিংসতার ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করেছেন। তবে ওই সহিংসতার পেছনে নিজের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন তিনি।
বলসোনারোর আইনজীবী ফেলিপ আলেকজান্দ্রে বিবিসিকে বলেছেন, ‘‘ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট ‘নিজের জীবনের ৩৪ বছর জনসেবায় উৎসর্গ করেছেন’ এবং এখন তিনি ‘কিছু সময়ের জন্য অবসর’ নিতে চান’’।
বলসোনারো প্রাথমিকভাবে আমেরিকার এ-১ ভিসায় দেশটিতে যান। এ ধরনের ভিসা কূটনীতিক ও রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়, যার মেয়াদ এক মাস। তিনি গত ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে বামপন্থি লুলা ডি সিলভা ক্ষমতা গ্রহণের আগে আমেরিকায় যান। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে হারেন বলসোনারো। যদিও ওই নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকার করেছেন তিনি।
আইনজীবী ফেলিপ আলেকজান্দ্রে বলেন, পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকায় পর্যটক হিসেবে কয়েক মাস উপভোগ করে নিজেকে চাঙা করার আশা করছেন বলসোনারো।
ইউডি/এ

