বিএনপি কখনোই জনগণের সমর্থন পাবে না: হানিফ
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
নির্বাচনে বিএনপি কখনোই জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘বিএনপির লক্ষ দেশকে অস্থিতিশীল করে ক্ষমতা দখল করা। তারা কখনোই জনগণের ভোটের সমর্থন আর পাবে না। তাই আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনের খেলা ১০ ডিসেম্বর পরই শেষ হয়ে গেছে। এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন।’
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নীরব পদযাত্রা শুরু করেছে, কিন্তু মানুষ তাদের সঙ্গে নেই, তারা নির্বাচনেও ব্যর্থ হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত ছিলেন। এর আগে এদিন দুপুরের পর থেকেই একের পর এক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এতে সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
ইউডি/এ

