২২ শতাংশ বেকারি পণ্যে ক্ষতিকর রাসায়নিক
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫
দেশের বেকারিপণ্যের খাবারের মান পরীক্ষা করে ক্ষতিকর রাসায়নিক পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
সংস্থাটি প্রাপ্ত তথ্যমতে, প্রায় ২২ শতাংশ পণ্যে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেট রয়েছে। এছাড়া হোটেল-রেস্তোরাঁর ১৩ শতাংশ খাবার মানহীন বলে জানিয়েছে বিএফএসএ।
গত অর্থবছরে (২০২১-২২) বিভিন্ন অভিযান থেকে সংগৃহীত পাউরুটি ও বেকারিপণ্যের এসব নমুনা পরীক্ষা করা হয়। গেল জানুয়ারিতে তা প্রকাশ করে বিএসএফএ।
চিকিৎসকরা জানান, পটাসিয়াম ব্রোমেট মিশ্রিত পাউরুটি বা বেকারিপণ্য খেলে মানুষের ক্যান্সার, থাইরয়েড গ্রন্থির রোগসহ নানা রোগ হতে পারে।
বিএফএসএ সূত্রে জানা গেছে, রুটি, পাউরুটি ও বেকারিপণ্যে পটাসিয়াম ব্রোমেট (কেবিআরও৩) ও পটাসিয়াম আয়োডেট (কেআইও৩) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নমুনা পরীক্ষায় পাউরুটি ও বেকারিপণ্যে পাওয়া পটাসিয়াম ব্রোমেটের মাত্রা ছিল ৩.৩১ পিপিএম থেকে ১২.৯১ পিপিএম।
বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার টন পাউরুটি উৎপাদন করা হয়। এসব পাউরুটির মেয়াদ থাকে তিনদিন পর্যন্ত।
এদিকে খাদ্য স্থাপনা (খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনের স্থান), হোটেল, রেস্তোরাঁ ও প্রক্রিয়াকারী কোম্পানিগুলো থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে বিএফএসএ।
গত অর্থবছরে (২০২১-২২) এক হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মানসম্মত নমুনা ছিল এক হাজার ১৩০টি। অর্থাৎ প্রায় ১৩ শতাংশ খাবার মানহীন।
অন্যদিকে চলতি অর্থবছরের (২০২২-২৩) ডিসেম্বর পর্যন্ত ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মানসম্মত নমুনা পাওয়া যায় ৭৫৫টি। এখানেও প্রায় ১৩ শতাংশ খাবার মানহীন পাওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য, শিল্প ও উৎপাদন) অধ্যাপক মো. আব্দুল আলীম বলেন, খাদ্য নিরাপদ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। অভিযান পরিচালনা ছাড়াও জনসচেতনতা বাড়ানো হয়েছে। মানহীন পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ইউডি/এ

