আওয়ামী লীগ হিরো আলমের কাছেও ‘অসহায়’ : মির্জা ফখরুল

আওয়ামী লীগ হিরো আলমের কাছেও ‘অসহায়’ : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায়। সেজন্য উপনির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে জেতাতে প্রার্থীকে গুম করা হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি।’

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বলেন, ‘আজ আমরা যে আন্দোলন করছি সেটা অস্তিত্ব রক্ষার আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সেই লক্ষ্যেই আমরা দশ দফা ও ২৭ দফা প্রণয়ন করেছি।

‘আজ দেশের মানুষ প্রমাণ করেছে যে তারা একটি দাবিতে আন্দোলন করছে। সেটা হলো এই অবৈধ ভোটারবিহীন সরকারের পদত্যাগ।’

তিনি আরও বলেন, ‘আজকে সরকার টিকে আছে চাপার জোরে। গ্যাসের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা একদিকে ঋণ করছে, আরেক দিকে জনগণের পকেট কাটছে। দেশ এখন লুটেরাদের কবলে পড়েছে।’

‘সরকারের লোক টাকা পাচারের মাধ্যমে বিদেশে সেকেন্ড হোম করছে’, এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব।

‘সরকার পাতাল রেলের প্রজেক্টে ৫২ হাজার কোটি টাকা খরচ করবে অপরদিকে গরীব মানুষের ভাতার টাকা লুট করছে। সরকার হামলা মামলা করে আমাদের আন্দোলন দমাতে পারে নাই’, দাবি করেন ফখরুল।

১ ফেব্রুয়ারি বিএনপি এমপিদের পদত্যাগ করা বগুড়া ৪ এবং ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন দেশজুড়ে আলোচিত হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

পরে সংবাদ সম্মেলনে করে হিরো আলম অভিযোগ করেন, জনগণ উপনির্বাচনে তাকে ভোট দিলেও সরকার ও প্রশাসন ভোটের ফলাফল কারচুপি করেছে। ফলাফল কারচুপির বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading