চুক্তির জন্য ইরানকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

চুক্তির জন্য ইরানকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:১৩

আমেরিকার সঙ্গে শান্তি কিংবা সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ২২ এপ্রিল বুধবারের মধ্যে আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে ইরানের।

তিনি আরও বলেছেন, ইরান যদি এই সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয়—তাহলে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ‘সম্ভবত’ আর বাড়বে না, তবে ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ অব্যাহত থাকবে।

শুক্রবার আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠান শেষে ওয়াশিংটনে ফিরে আসার সময় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানিয়েছেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটনে ফেরার সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ২২ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, “সম্ভবত আমি আর তা (যুদ্ধবিরতির মেয়াদ) বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধ অব্যাহত থাকবে।”

“তো, সেক্ষেত্রে তাদের বন্দরগুলো অবরুদ্ধ থাকবে এবং দুর্ভাগ্যবশত, ফের ইরানে আমাদের বোমার্ষণ শুরু করতে হবে।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।

একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন আমেরিকা ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। আমেরিকা ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই।

তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। আগামী ২০ এপ্রিল সেই সংলাপ হওয়ার কথা আছে।

এদিকে, ১১ এপ্রিলের সংবাদ ব্যর্থ হওয়ার পর ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, অবরোধ চলাকালে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজ প্রবেশও করতে পারবে না। সেই অবরোধ এখনও বহাল আছে।

সূত্র: এএফপি, জিও নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading