বিএনপির উঁচু গলা নিচু হয়ে গেছে : ওবায়দুল কাদের

বিএনপির উঁচু গলা নিচু হয়ে গেছে : ওবায়দুল কাদের
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে, খেলা-তো হবেই। বিএনপির উঁচু গলা নিচু হয়ে গেছে। কী খেলব তাদের সঙ্গে!’

তিনি বলেন, ‘বিএনপিকে বলি, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের সঙ্গে খেলতে চাই না। সেই রকম পার্টি দরকার, প্রতিপক্ষ দরকার।’

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজ, মাস্তান, জমি দখলকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে জায়গা নেই বলে এ সময় মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশে এ অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘দলের মধ্যে থেকে, সরকারের মধ্যে থেকে, দলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল- এসব যারা করবে, মাদক ব্যবসা যারা করবে, যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আছে তাদের আওয়ামী লীগ করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকের অভাব নেই, আওয়ামী লীগের বহু লোক, ডাক দিলেই হাজার হাজার লোক। খারাপ লোক এনে পার্টির নেতা করার কোনো দরকার নেই। একটা খারাপ লোক দলের ভাবমূর্তি নষ্ট করে। একটা খারাপ লোকের জন্য গোটা পার্টির দুর্নাম হয়।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মহিউদ্দিন জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading