বিএনপি এখন একটু লাইনে এসেছে : হাছান মাহমুদ

বিএনপি এখন একটু লাইনে এসেছে : হাছান মাহমুদ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:১৫

‘বিএনপি জানে নির্বাচনে তাদের কোনও সম্ভাবনা নাই, তাই অনেক ষড়যন্ত্র এঁকেছে, নাশকতা ও বিশৃঙ্খলার ষড়যন্ত্র করেছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘বিএনপি এখন যদিও নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহানা করছে, সুযোগ পেলেই নাশকতা করবে, জনগণকে ছোবল মারবে।

‘তাই আমাদের নেতাকর্মীদের অনুরোধ করবো, সতর্ক থাকতে হবে। রাজপথে নেমেছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। কাউকে বিশৃঙ্খলা করতে দেবো না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো।’

বিএনপি এখন একটু লাইনে এসেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জেলে যাওয়ার আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সাহেবরা বক্তৃতা করেছেন সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। আওয়ামী লীগের ভিত বহু গভীরে, আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিলে নিজেই পড়ে যায়। তারা সরকারকে ধাক্কা দিতে গিয়ে কোমর ভেঙে পড়ে গেছে।’

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ রাজপথের দল উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘দিয়াশলাইয়ের কাঠিতে যেমন খোঁচা দিলে জ্বলে ওঠে তেমনি আমাদের নেতাকর্মীদের একটা গুণ হলো খোঁচা দিলে জ্বলে ওঠে। তারা আমাদের খোঁচা দিয়েছে, আমরা জ্বলে উঠেছি। রাজপথে নেমেছি। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া আমাদের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এছাড়া সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নঈম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বক্তব্য রাখেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading