ফের অপু-বুবলীর শীতল যুদ্ধ

ফের অপু-বুবলীর শীতল যুদ্ধ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০

গত বছরের শেষদিকে ঢাকাই সিনেমার তারকা ত্রয়ী শাকিব খান-শবনম বুবলী-অপু বিশ্বাস দ্বন্দ্বে উত্তাল হয়েছিল ঢালিউডপাড়া। মাঝে অনেকদিন স্তিমিত থাকলেও আবারও জ্বলে উঠেছে ছাইচাপা আগুন।

শাকিব খানের নায়িকা থেকে ঘরণি হওয়ার পর সন্তান জন্ম; দুই নায়িকার ক্ষেত্রেই প্রায় একই রকম ঘটনা ঘটেছে। শাকিব ইস্যুতে বিভিন্ন সময়ে একে-অপরের দিকে বিস্ফোরক কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন তারা।

শাকিব খানের সঙ্গে শবনম বুবলী এবং অপু বিশ্বাসের বর্তমান সম্পর্ক কেমন, তা পরিষ্কারভাবে বোঝার উপায় নেই। তবে বুবলী এবং অপু একে অপরের দিকে কাদা ছোড়াছুঁড়ি নিয়ে ব্যস্ত থাকলেও শাকিব আশ্চর্যজনকভাবে নীরব রয়েছেন।

শাকিব খান বরাবরই দাবি করেছেন, বুবলী এবং অপু দুজনই তার জীবনে অতীত। তবে অপুর সঙ্গে বিচ্ছেদ হলেও বুবলীর সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে শাকিবের বিচ্ছেদ হয়নি। যদিও দুজনের সন্তানের বেড়ে ওঠায় ভূমিকা রাখছেন এ ঢালিউড অভিনেতা।

তবে এর মধ্যেও অপু এবং বুবলীর মধ্যে পার্থক্য মোটা দাগে স্পষ্ট। সন্তান আব্রাম খান জয়ের লালন-পালনের সূত্রে শাকিব খান এবং অপু বিশ্বাস একে অপরের বাসায় যাতায়াত করেন বলে শোনা যায়। একই চিত্র দেখা যায় বুবলী ও শেহজাদ খান বীরকে ঘিরেও।

কিন্তু বর্তমানে গুঞ্জন, বিচ্ছেদের পরও শাকিব খানের বেশ কাছাকাছি আছেন অপু বিশ্বাস। অন্যদিকে, বিবাহবিচ্ছেদ না হওয়া স্বত্বেও বুবলীকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। শাকিব খান-শবনম বুবলী-অপু বিশ্বাস দ্বন্দ্ব অনেকদিন আড়ালে থাকলেও সম্প্রতি তা আবার প্রকাশ্যে এসেছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) কলকাতাভিত্তিক ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজারে অপু বিশ্বাসের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে শাকিব খানের সঙ্গে অপুর বর্তমান সুসম্পর্কের কথাও উঠে আসে।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে অপু বলেন, একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে, আমাদের দুজনের (শাকিব-অপু) কাছে সন্তানের (জয়) মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। জয় জানে, তার বাবা-মা দুজনই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে; আবার কখনও এর উল্টোটা, এভাবেই চলছে।

অনেক দম্পতির চলার পথ দুদিকে বেঁকে গেলেও বিচ্ছেদের দেয়াল ভেঙে পুনরায় সংসার জীবনে ফেরার নজিরও কম না। শাকিব-অপুর ক্ষেত্রে তা ঘটবে নাকি তা অবশ্য এখনই বলে দেওয়ার উপায় নেই। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও পর্দার আড়ালে শাকিবের কাছাকাছি আছেন কি-না, তা অবশ্য খোলাসা করেননি অপু।

শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্কের নাম-সংজ্ঞা জানাতে অনাগ্রহী অপু বিশ্বাস। এ অভিনেত্রী বলেন, সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।

শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, আসলে শাকিব যদি আমার পাশে না থাকতো, তাহলে এই অপু বিশ্বাস হতো না। সহ-অভিনেতা হয়ে সে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে। আমার ক্যারিয়ারে ৮০% কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারাজীবন সেই সম্মান থাকবে।

কলকাতায় বসে অপু বিশ্বাস যখন শাকিবের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা জানান দিচ্ছেন, তখন ঢাকায় বসে পাল্টা তোপ দাগানোর সুযোগ ছাড়লেন না বুবলীও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা যায়, বাবা শাকিবের অফিসে বসে ছোট্ট বীর দাবা খেলছে। ক্যাপশনে বুবলী বলেন, দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়। সে তার নিজের স্টাইলে খেলে।

বিষয়টি সাদা চোখে স্বাভাবিক লাগলেও সময়ের ব্যবধান এবং অতীত ইতিহাসের দিকে তাকালে দুইয়ে দুইয়ে চার মেলানো খুবই সহজ। আনন্দবাজারে অপু বিশ্বাসের সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে।

অন্যদিকে, বুবলী ফেসবুকে বীরের ছবিগুলো পোস্ট করেন একই দিন রাত রাত ৯টা ২৬ মিনিটে। পাঁচ ঘণ্টার ব্যবধানে যেন কিবের ওপর নিজের এবং সন্তানের অধিকারের বিষয়টিই জোরালো করলেন বুবলী।

একই চিত্র দেখা যাবে সাড়ে চার মাস পেছনে গেলেও। গত বছরের ২৭ সেপ্টেম্বর ছিলো শাকিব-অপুপুত্র আব্রাহাম খান জয়ের জন্মদিন।

সেদিন যখন সবাই জয়কে শুভেচ্ছায় সিক্ত করছিলো, তখনই নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনেন বুবলী। ব্যাস, মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি ও তার সন্তান।

তিন দিন তুমুল আলোচনা-সমালোচনার ঝড়ের পর ৩০ সেপ্টেম্বর অবশেষে সন্তানের ছবি প্রকাশ করেন বুবলী। শেহজাদ খান বীরের ছবি সামনে এনে জানান, তিনি ও শাকিব বিয়ে করেছেন। 

দুটি দৃশ্যপটে আরও একটি দিকে মিল পাওয়া যাবে, সেটি শাকিব খানের অবস্থান এবং ভূমিকায়। দুটো ঘটনায় শাকিব খানের ওপর অধিকার জাহির করতে অপু বিশ্বাস ও বুবলীর চেষ্টা সহজেই চোখে পড়তে বাধ্য।

তবে যাকে কেন্দ্র করে এত কিছু, সেই শাকিব খান বরাবরই গা বাঁচিয়ে মুখে কুলুপ এটে আছেন। তাই সাহিত্যের ছোটগল্পের মতো তারকা ত্রয়ীর সম্পর্কের আখ্যান যেন শেষ হইয়াও হইলো না শেষ!

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading