আত্মসমর্পণের পর জামিন পেলেন ইরফান সেলিম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫
রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ জন্য কারাগারে থাকা ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লাকে আদালতে হাজির করা হয়। জামিন থাকা এ বি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমান আদালতে উপস্থিত হন। তবে জামিনে থাকা ইরফান সেলিম উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন।
আদালত আবেদনটি নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া অপর আসামি কাজী রিপন মামলার শুরু থেকে পলাতক রয়েছেন।
এরপর আদালত এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেন।
নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান ২০২০ সালের ২৫ অক্টোবর মোটরসাইকেলে করে নিউ মার্কেট থেকে বাসার দিকে যাচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়িটি সে সময় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ ঘটনায় ওই বছরের ২৬ অক্টোবর সকালে ইরফান সেলিম, তার দেহরক্ষী মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু ও গাড়িচালক মিজানুর রহমান এবং অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে ওয়াসিফ আহমদ খান ধানমন্ডি থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মমিনুল হক আদালতে চার্জশিট দাখিল করেন।
ইউডি/এ

