দর্শক হিসেবে উপভোগ করব এমন চরিত্র চাই: ইয়ামি গৌতম
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে হিন্দি সিনেমায় নাম লেখান ইয়ামি গৌতম। এরপর, ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থ্রি’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘আ থার্সডে’, ‘দশভি’সহ অনেকগুলো হিট সিনেমার নায়িকা তিনি।
বরাবরই ভিন্ন ধারার সিনেমা ও চরিত্রের দিকে ঝোঁক এই অভিনেত্রীর। তেমনই তার প্রথম হিন্দি সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত আরেক সিনেমা ‘লস্ট’-এ ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই প্রচারে কলকাতায় গিয়েছেন অভিনেত্রী। সেখানে সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন ইয়ামি।
চরিত্রের ভিন্নতা নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘একইরকম চরিত্র দিয়ে দর্শকদের সঙ্গে প্রতারণা করতে পারব না।’
সংবাদমধ্যমটির পক্ষ থেকে অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল, ‘দশভি’র পর ‘আ থার্সডে’। ইদানীং আপনি বেশ অন্য রকমের চিত্রনাট্য নির্বাচন করছেন। এই সিদ্ধান্তটা কি সচেতন ভাবেই নিয়েছেন?
জবাবে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই। বরং বলতে পারি অনেক আগেই আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্র পেতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারব। আপনি যে ছবিগুলোর কথা বললেন, ওরকম প্রস্তাব একগুচ্ছ এসেছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না।’
এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ইয়ামির অভিনীত সিনেমা ‘লস্ট’।
ইউডি/এ




































