জেট ফুয়েলের দাম বাড়ল ৫.৩৬ শতাংশ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
চার মাস কমার পর আবার বাড়ল উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। দেশি এয়ারলাইন্সের জন্য লিটারপ্রতি ছয় টাকা দরবৃদ্ধি মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে।
বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি এয়ারলাইন্সের জন্য ৫ দশমিক ৩৬ শতাংশ দর বাড়িয়ে ফেব্রুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল (জে এ- ওয়ান) ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানায়। জানুয়ারিতে এ দর ছিল ১১২ টাকা।
বিপিসির উপ মহাব্যবস্থাপক শাহরিয়ার মো. রাশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের বিমানবন্দরগুলোর জন্য জেট ফুয়েলের এ দর নির্ধারণের তথ্য জানায়।
অপরদিকে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দর ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়িয়ে ৯০ সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫ সেন্ট করে।
কোভিড মহামারীকালে ২০২০ সালের অক্টোবর থেকে জেট ফুয়েলের দাম বাড়তে শুরু করেছিল। ওই মাসে প্রতি লিটারের দাম ছিল ৪৬ টাকা, যা বাড়তে বাড়তে গত সেপ্টেম্বরে গিয়ে ১২৫ টাকায় পৌঁছায়। পরের চার মাসে তা কিছুটা করে কমে জানুয়ারিতে ১১২ টাকা হয়।
ইউডি/এ

