স্মার্ট সংস্থায় পরিণত হবে বিআইডব্লিউটিএ: নৌপরিবহন প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০
২০৪১ সালের উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য বিআইডব্লিউটিএ একটি স্মার্ট সংস্থায় পরিণত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপথ তৈরি, ধরে রাখা ও মানোন্নয়নে বিআইডব্লিউটিএর অপরিসীম ভূমিকা রয়েছে। তাদের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। একটা সম্মানের জায়গায় চলে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে বাংলাদেশ কীভাবে সোনার বাংলা হবে—সে ভিত রচনা করেছিলেন। কিন্তু ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দেশ অন্ধকারে চলে যায়। দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। পিছিয়ে গেছে। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। সমগ্র দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে। অনেক দেশ এটিকে উন্নয়নের মডেল হিসেবে দেখছে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস্য সচিব মুনছুর আলী মোল্লা।
ইউডি/কেএস

