আওয়ামী লীগের ‘রাজনৈতিক মৃত্যুঘণ্টা’ বেজে গেছে: মান্না

আওয়ামী লীগের ‘রাজনৈতিক মৃত্যুঘণ্টা’ বেজে গেছে: মান্না

উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

আওয়ামী লীগের ‘রাজনৈতিক মৃত্যুঘণ্টা’ বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেছেন, ‘অনির্বাচিত সরকার আর ভোট না করে ক্ষমতায় থাকতে পারবেন না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির পূর্ব মুহূর্তে তিনি এ মন্তব্য করেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে ‘গণতন্ত্র মঞ্চ’। এ পদযাত্রা কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না।’

র‍্যাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন র‍্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে, কিন্তু এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়ি মনে করছেন। ওরা (পররাষ্ট্রমন্ত্রী) কি মানুষ! ওদের কি মানবিকতা আছে?’

মান্না বলেন, ‘অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের লড়াই শেষ হবে কবে- এমন প্রশ্নের প্রত্যুত্তরে আমি বলি, লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে। তাদেরকে (সরকার) পদত্যাগ করতেই হবে।’

যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়ায় মহল্লায় পাহারাদার রেখেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহাড়াদারে আছেন তাদেরকে প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘন্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু আওয়ামী লীগ কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোনো উন্নয়ন বলা যায় না।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ বক্তব্য দেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading