মুখ খুললেন হংসিকা (ফটো ফিচার)
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
গত বছরের শেষের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে তার রূপকথার মতো বিয়ের ডকু সিরিজ ‘লাভ শাদি ড্রামা’।
জানা যায়, হংসিকার স্বামী সোহেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৪ সালে রিঙ্কি নামে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে তা স্থায়ী হয়নি। বিয়েবিচ্ছেদ হয় দুজনের। এমনও জানা যায়, সেই রিঙ্কির বন্ধু ছিলেন হংসিকা।
বিয়ের ডকু সিরিজ ‘লাভ শাদি ড্রামা’তে নিজের জীবন সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেন হংসিকা।
অভিনেত্রী তার স্বামীর প্রথম বিয়েতে উপস্থিত ছিলেন; এমন তথ্য যখন সামনে আসে তখন নেট দুনিয়ায় অভিনেত্রীকে ঘিরে শুরু হয় কটাক্ষ। তার কারণের সেই বিয়ে ভেঙে যায় বলে কটাক্ষের তীর আসে অভিনেত্রীর দিকে।
এ নিয়ে ইন্ডিয়ান সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়, সোহেল ও রিঙ্কির বিচ্ছেদ প্রসঙ্গে হংসিকা জানান, এক্ষেত্রে তার কিছুই করার ছিল না।
অভিনেত্রী বলেন, ‘আমি সেই সময় ওই ব্যক্তিকে (সোহেল কাঠুরিয়া) চিনতাম মানেই যে আমার কারণে ওদের বিয়ে ভেঙেছে, এটা সঠিক নয়। এক্ষেত্রে আমার কিছু করার ছিল না। কারণ আমি সেই সময় পাবলিক ফিগার। সাধারণ মানুষের পক্ষে আমার দিকে আঙুল তুলে আমাকে দোষী বানিয়ে দেওয়া খুবই সহজ একটা কাজ। তারকা হওয়ায় সেই দাম আমাকে চোকাতে হয়েছে।’
হংসিকাকে সমর্থন করে তার স্বামী সোহেল বলেন, ‘আমার প্রথম বিয়ের প্রসঙ্গ যখন সামনে আসে, তা সম্পূর্ণ সঠিকভাবে আসেনি। বলা হচ্ছে, হংসিকার জন্য আমার প্রথম বিয়ে ভেঙেছে। যা একেবারেই সঠিক নয়। ২০১৪ সালে আমার প্রথম বিয়ে হয়েছিল। যা খুব কম দিনের জন্য স্থায়ী ছিল। কিন্তু যেহেতু আমরা বন্ধু ছিলাম, তাই হংসিকা আমাদের বিয়েতে উপস্থিত থাকার অনেক ছবিই সামনে এসেছিল। আর সেটাই এখন ছড়িয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে।’
গত বছর ৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন হংসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। বিয়ের ছবি পোস্ট করে হংসিকা লেখেন, ‘এখন এবং চিরকালের।’
বিভিন্ন সূত্রে জানা যায়, বিয়েতে বিপুল অর্থ খরচ করেছেন এই দম্পতি। বিয়েতে সোহেল এবং হংসিকার পোশাক থেকে সমস্ত কিছু দেখেই আন্দাজ করা যাচ্ছে মোটা টাকা খরচ করা হয়েছে।
সূত্রের খবর, বিয়ের আয়োজনে ২০ কোটি টাকা খরচ করেছেন হংসিকা এবং সোহেল।
এদিকে এ মুহূর্তে পেশাগত দিকে অত্যন্ত ব্যস্ত রয়েছেন হংসিকা মোতওয়ানি। গত বছর তার ৫০তম সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা।
ইউডি/এ
























