প্রমিস ডে: সঙ্গীর পাশে থাকার প্রতিশ্রুতি দিন
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০
ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার বিশ্ব মাতবে প্রেমে। ভালোবাসা দিবস ছাড়াও এই মাসে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু দিবস। আর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তো উদযাপিত হচ্ছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসার সপ্তাহ।
ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিনেই প্রেমিক যুগলের জন্য রয়েছে কোনো না কোনো দিবস। তারই ধারাবাহিকতায় আজ অর্থাৎ ১১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘প্রমিস ডে’।
প্রমিস বলতে কথা দেওয়া বা প্রতিজ্ঞা করাকে বোঝায়। মূলত ভালোবাসার সম্পর্ক মজবুত করতেই এই দিনটি পালন করা হয়। এই দিন প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানান যুগলরা।
চলমান সম্পর্ক নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। টানাপোড়েন ভুলে সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতির জন্য এটি একটি ভালো দিন।
পশ্চিমা দেশগুলোতে সম্পর্কের ছোটোখাটো সমস্যাগুলো এই দিনটিতে মিটিয়ে নেওয়ার রীতি রয়েছে। এতে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়।
তাই, সম্পর্ক পুরোনো হোক বা নতুন হোক আজকের দিনটি সঙ্গীর সঙ্গে আনন্দে কাটান। জীবনের যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিন। দুজনে মিলে একটি সুখের স্বর্গ রচনার প্রত্যয়ে এগিয়ে চলুন।
কথা দেওয়ার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনকে কোনো উপহারও দিতে পারেন।
ইউডি/এ

