বিচারপতির গাড়িতে তেল ভরতে কারচুপি, বন্ধ হলো পেট্রোল পাম্প
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
বিচারপতির গাড়িতে তেল ভরতে বলা হয়েছিল ৫০ লিটার। কিন্তু বিলের কাগজে লেখা হয় ৫৭ লিটার। আর এতেই দেখা দেয় বিপত্তি। ইন্ডিয়ার মধ্যপ্রদেশের জবলপুরে একটি পেট্রোল পাম্পে ঘটে এ ঘটনা।
এর আগেও বেশি তেলের বিল দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ওই পাম্পটির বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসে যখন হাইকোর্টের এক বিচারপতির গাড়ি সেখানে তেল ভরতে যায়।
গত বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) জবলপুরের ওই পাম্পে গাড়িতে তেল ভরাতে আসেন বিচারপতির গাড়ি চালক। গাড়ির তেলের ট্যাঙ্ক ভর্তি করে দিতে বলেন তিনি।
সেই অনুয়ায়ী তেল ভরে দেয় পাম্প। কিন্তু বিল দেখে চোখ কপালে ওঠে বিচারপতির। কারণ তাকে ৫৭ লিটার পেট্রোল কেনার দাম দিতে হয়েছে। অথচ তার গাড়ির পেট্রোল ট্যাঙ্কটি ৫০ লিটারের! এরপরেই প্রশাসন ওই পাম্পটিতে তালা ঝুলিয়ে দেয়।
রাজ্য প্রশাসন পেট্রোল পাম্পগুলোতে সঠিক তেল দেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্য একটি চার সদস্যের কমিটি তৈরি করেছে।
জানা যায়, এ ঘটনা নজরে আসার পরই বিচারপতি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। বলেন বিষয়টি তদন্ত করে দেখতে। প্রাথমিক তদন্তের রিপোর্ট পেয়েই তালা ঝোলানো হয় ওই পাম্পে।
ইন্ডিয়ায় তেল নিয়ে কারচুপির অভিযোগ নতুন নয়। কিন্তু হাইকোর্টের বিচারপতির গাড়িতে কম তেল ভরে বেশি দাম নেওয়ার অভিযোগ নতুনই বটে।
ইউডি/এ

