জয়পুরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্ষেতলাল-বটতলী রোডের মালিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতদের কারো পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিহতরা সিএনজির চালক ও যাত্রী বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলে ও বাকি তিন জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
ক্ষেতলাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ শনাক্ত করার জন্য এলাকাবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে ক্ষেতলাল থানা পুলিশ।
ইউডি/এ

